‘সরকারের দক্ষ জনবল দিয়েই তৈরি টিকা নিবন্ধন অ্যাপ’

১৪ জানুয়ারি, ২০২১ ১৭:৩৬  
করোনা টিকা বিতরণ ব্যবস্থাপনা নিবন্ধন অ্যাপ তৈরিতে ১ টাকাও খরচ হয়নি। সরকারি প্রোগ্রামার দ্বারাই এ অ্যাপ কাস্টমাইজ করা হয়েছে বললেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সিংড়া উপজেলা পরিষদের জানুয়ারি মাসের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, সেন্ট্রাল এইড সফটওয়্যার দিয়ে প্রধানমন্ত্রী স্বচ্ছতার ভিত্তিতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ৫০ লক্ষ অস্বচল পরিবারের কাছে করোনাকালীন সময়ে ২৫০০ টাকা করে পৌঁছে দিয়েছে। একই ভাবে আমাদের প্রোগ্রামার ও সহকারি প্রোগ্রামাররা আমাদের নিজস্ব ক্ষমতায় ১ টাকা খরচ না করেই করোনা টিকা বিতরণ ব্যবস্থাপনা নিবন্ধন অ্যাপ ‘সুরক্ষা’ কাস্টমাইজ করা হচ্ছে। আমাদের সরকারে নিজস্ব দক্ষ জনবল দিয়ে এটা হয়েছে। করোনা টিকা বিতরণ ব্যবস্থাপনা নিবন্ধন অ্যাপ তৈরি নিয়ে কোন ধরনের মিথ্যা তথ্য যাতে না ছড়ায় তার প্রতিও আহবান জানান প্রতিমন্ত্রী। পলক বলেন, আমরা চায় সিংড়া উপজেলাকে একটি উন্নত আধুনিক ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে। একটি করে সিংড়া যখন ডিজিটাল, স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত হবে তখই সারা দেশের সকল উপজেলা দুর্নীতি মুক্ত হবে, ডিজিটাল বাংলাদেশ হবে।